জীবননগর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা আড়াইটা থেকে বিকেল জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান।

অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল। এছাড়া অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৪টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রি এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।