ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রিয়া মানি ট্রান্সফারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশ রেমিট্যান্স উৎসবে’ প্রথম মোটরসাইকেলটি জিতে নিয়েছেন মুন্সিগঞ্জের গ্রাহক শাবনূর খাতুন। ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে নিমতলা শাখার এই গ্রাহক বিশেষ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এক ডিজিটাল র্যাফেল ড্র-এর মাধ্যমে এই বিজয়ীর নাম ঘোষণা করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। ড্র অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মো. মোতাহার হোসেন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়াও রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স পাঠালে প্রতি ব্যাংকিং কার্যদিবসে একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়াও রেমিট্যান্স গ্রাহকদের জন্য নিশ্চিত উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এই বিশেষ অফারটি চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।