× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালের উজিরপুরে ভয়াবহ আগুনে নিঃস্ব ৫ পরিবার

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল)

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বরিশালের উজিরপুর উপজেলার ভরাকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভরাকোঠা গ্রামের মল্লিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে সংঘটিত এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-আব্দুল জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক (পিতা: মৃত আব্দুস ছামাদ মল্লিক) এবং আব্দুল হক মল্লিক ও আব্দুর রব মল্লিক (পিতা: জয়নাল মল্লিক)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলিল মল্লিকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী ও ঘরগুলো কাছাকাছি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। প্রথমে স্থানীয়রা নিজেরাই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বলেন, “প্রথমে আমরা শুধু ধোঁয়া দেখতে পাই। কিছুক্ষণের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। আগুনের তাপে ঘরের কাছে যাওয়া যাচ্ছিল না। সবাই মিলে চেষ্টা করেও আগুন থামাতে পারিনি। ফায়ার সার্ভিস না এলে আরও বড় ক্ষতি হতো।”

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মল্লিক বলেন, “আমার ঘর থেকেই আগুন শুরু হয়েছে বলে শুনেছি। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল সব পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।”

আরেক ভুক্তভোগী আব্দুল হক মল্লিক বলেন, “আমরা কিছুই বাঁচাতে পারিনি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের পাঁচটি পরিবারের থাকার জায়গা নেই। আমরা খুব কষ্টে আছি। সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”

খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছেন। বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন, যাতে তারা আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.