জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর থানার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জীবননগর উপজেলার পুরোন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) অন্যদিকে রিপন চাকমা (৩২), পিতা সৈমাংপু চাকমা এবং মং চাকমা (২৮), পিতা মং পূজাইন, রিপন চাকমা ও মং চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।