শুধুমাত্র ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা লেনদেনের উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে। বর্তমানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছেন ১২ লাখেরও বেশি গ্রাহক।
উল্লেখ্য, বর্তমানে ‘আস্থা’ অ্যাপে প্রতি মাসে গড়ে ২৪ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা ব্যাংকটির মোট ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশেরও বেশি।
এই অর্জন ব্যাংকটির প্রযুক্তি, গ্রাহক সেবা ও নিরাপদ ডিজিটাল অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন। ক্রমেই বাংলাদেশের মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
গত দুই বছর ধরে ‘আস্থা’ প্ল্যাটফর্মে উল্লেখযোগ্যহারে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০২৩ সালে লেনদেনের পরিমাণ ছিল ৭৩ হাজার কোটি টাকা, সেটি ২০২৫ সালে তিন গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা। একই সময়ে বার্ষিক লেনদেনের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫ কোটি, যা দুই বছর আগের তুলনায় তিন গুণ বেশি।
ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধির ফলে দৃশ্যমান আর্থিক সাফল্যও এসেছে। ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে প্রায় ৪,৭০০ কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করেছে, যেখানে ৪,৬০০ কোটি টাকা ছিল ফিক্সড ডিপোজিট এবং প্রায় ১১০ কোটি টাকা ছিল ডিপিএস। পাশাপাশি ব্যাংকটির ডিজিটাল লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যার মধ্যে ৪০ শতাংশ লোন সম্পূর্ণভাবে সেল্ফ-সার্ভিস প্রক্রিয়ায় গ্রহণ করেছেন গ্রাহকরা। এটি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংয়ে ব্যাপারে বেড়ে ওঠা আগ্রহ ও আস্থার প্রতিফলন।
বর্তমানে মোট সার্ভিস ইন্টারঅ্যাকশনের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হচ্ছে সেল্ফ-সার্ভিসের মাধ্যমে। গ্রাহকরা এখন অ্যাপের মাধ্যমেই এনপিএসবি বিরোধ নিষ্পত্তি, যোগাযোগ তথ্য হালনাগাদ, সার্ভিস রিকোয়েস্ট এবং টিআইএন আপডেট করতে পারছেন। ফলে, গ্রাহকদের সময় ব্যয় করে আর ব্রাঞ্চে যেতে হচ্ছে না।
বাংলাদেশভিত্তিক ডিজিটাল ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অরবিটএক্স’ পরিচালিত এক গবেষণায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং অ্যাপগুলোর ৫০ হাজার ইউজার রিভিউ বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৮০ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন, যা অ্যাপটির ব্যবহারযোগ্যতা ও সেবার মানের ব্যাপারে গ্রাহক সন্তুষ্টির প্রতিফলন।
‘আস্থা’ ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে এই প্ল্যাটফর্মে ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক যুক্ত করেছে নতুন নতুন সেবা ও ফিচার। এর মধ্যে রয়েছে মেটলাইফের সঙ্গে অংশীদারিত্বে মাইক্রোইনস্যুরেন্স, ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে সিঙ্গেল সাইন-অন ইন্টিগ্রেশন এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ সুবিধা।
এছাড়াও ২৪/৭ এসএমই লোন কালেকশন সেবা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল কিউআর কম্প্যাটিবিলিটি এবং বিকাশ কিউআর ইন্টিগ্রেশন যুক্ত হওয়ায় পেমেন্ট সিস্টেম হয়েছে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।
আস্থা অ্যাপের এমন মাইলস্টোন নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ বলেন, “আমাদের আস্থা অ্যাপ যে পরিসরে বড় হচ্ছে, তা গ্রাহকদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাড়তে থাকা আস্থারই প্রতিফলন। একইসঙ্গে আমরা মনে করি, এটি একটি দীর্ঘ যাত্রার ছোট একটি মাইলফলক মাত্র। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য ‘আস্থা’-কে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে রূপান্তর করা, যেখানে নিরাপত্তা ও সেবার মানের সাথে থাকবে প্রযুক্তিগত উৎকর্ষ।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
