লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাটগ্রাম ওয়ালটন প্লাজার শোরুম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পাটগ্রামে অবস্থান করছিলেন এবং ওয়ালটন কোম্পানির পাটগ্রাম শোরুমের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে শোরুমের কাজের উদ্দেশ্যে তিনি উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, নিহতের পরিবারের সদস্য ও শোরুম কর্তৃপক্ষের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।