মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধ ব্যাটারি-সিসা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আলমমোড়া ও চারিগ্রামসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আলমমোড়া ব্রিজ সংলগ্ন অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। কারখানা থেকে নির্গত অ্যাসিডের তীব্র গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বক্তাদের দাবি, কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে কারখানার তিন কিলোমিটারের মধ্যে ধান চিটা হয়ে যাচ্ছে, বিভিন্ন গাছপালা শুকিয়ে মারা যাচ্ছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, গত দুই বছর ধরে এই অবৈধ কার্যক্রম চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিংগাইর থানার ওসিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তারা। দ্রুত কারখানাটি বন্ধ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি তোলেন বক্তারা।
চারিগ্রামের বাসিন্দা জুবায়ের আহমেদ বলেন, “বিষাক্ত সিসা তৈরির কারখানা বন্ধের জন্য মালিককে অনুরোধ করলেও তিনি কোনো কথায় কর্ণপাত করছেন না।”
স্থানীয় বাসিন্দা সোলাইমান, সুলাইমান, আ. হালিম, শাহ আলম বলেন, “ব্যাটারি থেকে সিসা তৈরির সময় নির্গত বিষাক্ত ধোঁয়া গবাদিপশু ও মানুষের জন্য ক্ষতিকর। জমির ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে।” তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসীর একটাই দাবি—পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে অবৈধ সিসা কারখানা বন্ধ করতে হবে।