কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার অধীন রিফাইতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে চিকিৎসক ডা. পিয়ার আলী (৬০) এর বসত বাড়ির মূল গেটের বাম পাশে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখেন প্রতিবেশী লুকমান নামের এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি কার্টনটি খুলে ভিতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।
খবর পেয়ে ডা. পিয়ার আলী সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখতে পান এবং পরে বিষয়টি দৌলতপুর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি জব্দ করে জব্দ তালিকার মাধ্যমে পুলিশ হেফাজতে নেয়।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি কিংবা ডা. পিয়ার আলীর ক্ষতির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।