× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজার স্থিতিশীলতা ও নিরাপত্তায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মতবিনিময়

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১৯:১৯ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, বাজার ব্যবস্থাপনা উন্নত করা এবং জনদুর্ভোগ লাঘবে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বাজার কমিটি ও বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। আলোচনায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার, নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা, যানজট নিরসন, ক্রেতা হয়রানি প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত উপায়ে গরু জবাই, সিএনজি স্ট্যান্ডের শৃঙ্খলা এবং নির্ধারিত জবাইখানা স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাহেদুল হক এবং কৃষি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম।

এছাড়া সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকসহ ব্যবসায়ী নেতা মোঃ নুর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, মোঃ আলাউদ্দিন ও আবির এবং বিভিন্ন বাজারের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড সদর বাজারের পাশাপাশি বড়দারোগাহাট, শুকলাল হাট, বাড়বকুণ্ড, ছোট কুমিরা, বড় কুমিরা, মাদামবিবিরহাট ও ভাটিয়ারী ফৌজদারীহাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা করেন। এসব বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।

তিনি বলেন, “শুধু মনিটরিং বা জরিমানা করাই উদ্দেশ্য নয়; ব্যবসায়ীরা যেন নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং ভোক্তারা নির্বিঘ্নে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা, পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই এবং রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় রমজানের পবিত্রতা বজায় রেখে জনকল্যাণমুখী মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রশাসন ও ব্যবসায়ী সমাজের সমন্বিত উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.