মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং একাধিক ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগত আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়। এর ফলে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল মঙ্গলবার দুপুরে সংবাদ সারাবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বাতিল হওয়া সাতটি ফ্লাইটের মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট,
ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট,এয়ার আরাবিয়া–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ও দুটি অ্যারাইভাল ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।
ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।