সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে বিএনপি কার্যালয় ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ দুপুর ১২টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা অভিযোগ করেন, গত রাতে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা—আক্তারুজ্জামান বাপ্পী, বাবলু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল নেতা আয়ুব হোসেন, ছাত্রদল নেতা সামাদ, যুবদল নেতা শাহাদাত এবং আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের নেতৃত্বে গোপাল ঘোষ, রাজু ঘোষ ও মায়া ঘোষের ওপর জঘন্য নির্যাতন চালানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শেখ এবং সনাতন ধর্মাবলম্বী গোপাল ঘোষ, রাজু ঘোষ ও মায়া ঘোষ। নির্যাতিতরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনাটি আড়াল করতে ‘জাগরণী ক্লাব’-কে বিএনপি কার্যালয় হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে ভাঙচুরের নাটক সাজানো হয়েছে এবং পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চলছে।
অন্যদিকে, একই ইস্যুতে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র পরিকল্পনার প্রতিবাদে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তারা বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই এসব অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন ও আব্দুল হামিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ঝাউডাঙ্গা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মোঃ রানা হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা উভয় ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল মহলের প্রতি আহ্বান জানান।