সীতাকুণ্ড উপজেলায় জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে পৌরসদরের ইকো পার্কের পশ্চিম পাশের সরকারি পুনর্বাসন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত জেরিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে এবং পুনর্বাসন এলাকার বাসিন্দা ফারুকের স্ত্রী। তাদের সংসারে তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ফারুকের মাদকাসক্তির বিষয়টি সামনে আসে। অভিযোগ রয়েছে, নেশার অর্থ জোগাড় করতে তিনি নিয়মিত স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।