চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার ঘটনায় প্রধান আসামি বাবু শেখ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নজির আহাম্মদ খান।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের সমন্বয়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। পরে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ১ মার্চ দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড ইকোপার্কের ভিতরে নির্মাণাধীন সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোর ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে ডেকে নিয়ে হত্যাচেষ্টা চালানোর কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার। তিনি আরও বলেন, ঘটনার দিন চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করে সীতাকুণ্ড ইকোপার্ক পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক পাশবিক নির্যাতনের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে স্থানীয় নির্মাণশ্রমিকরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
শিশু ইরার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।