দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর এলাকায় আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী হিমু এন্টারপ্রাইজ নামের ট্রলি খাদে পড়ে রাসেল সোনার (৩৫) নামের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কের ওপর স্প্রিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।
নিহত ট্রলি চালক রাসেল সোনার রংপুরের বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাসেল সোনার নাগেরহাট এলাকা থেকে হিমু এন্টারপ্রাইজ নামের ট্রলিতে করে বালু ফুলবাড়ীর দেশমা এলাকায় নামিয়ে ফেরার পথে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মোক্তারপুর এলাকায় আসার পরপরই ট্রলির চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালক রাসেল সোনারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মোক্তারপুর এলাকার বাঁক ও সংযোগ সড়ক থাকায় সড়কটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও মূল সড়কের যানবাহন উচ্চগতিতে চলাচল করে থাকছে। সতর্কতামূলক চিহ্ন না থাকায় এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে স্প্রিড ব্রেকারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।এ সময় উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেনসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ট্রলি চালকের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।