কুমিল্লার হোমনায় তিন কোটি টাকা ব্যয়ে সড়কের উন্নয়ন আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সোমবার ৯ মার্চ দুপুরের দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর মোড় থেকে রামপুর মোড় বাজার হয়ে কুড়ালিয়াকান্দি বাজার পর্যন্ত সংস্কার সড়কের কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় প্রায় ৩.৩৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩,০১,৬৯,০৫৮ টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,০১,৬৮,৯০৮.৯৪৯ টাকা। সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে চুনারচর, কুড়ালিয়াকান্দি ও রামপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।