× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১৮:৩৬ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টা ৫০ মিনিটের দিকে খবর পাওয়া যায় যে সদর উপজেলার ৬নং বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর ৯নং ওয়ার্ডে আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় একটি চৌকস টিম অভিযান চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষের সামনে গিয়ে দরজায় নক করলে শহিদ প্রকাশ শিপন (৩০) নামে এক ব্যক্তি ভেতর থেকে দরজা খুলে দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কক্ষটি তল্লাশি করে।

তল্লাশির সময় তার বেডরুমের পশ্চিম কোণে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি কালো চেইনযুক্ত রিভলবারের ব্যাগ, একটি কালো পলিথিন এবং গুলি রাখার একটি প্লাস্টিকের ট্রে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত শহিদ প্রকাশ শিপনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.