বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মায়ের হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা আছিয়ার চার বছরের শিশু সন্তান উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আসিয়া হত্যার বিচার চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ প্রকাশ করেন।
এ সময় বক্তব্য দেন নিহত আসিয়ার বাবা মজিবর জেমাদ্দার, চাচা জাহাঙ্গীর জেমাদ্দার, বোন মনিরা বেগম, স্থানীয় মসজিদের ইমাম সহ গ্রামবাসীরা এ সময় বক্তারা অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন আছিয়া আক্তার। সামান্য ঈদের কাপড় চোপড় এর টাকা দিতে দেরি হওয়ায় আসিয়াকে হত্যা করা হয়।
হত্যাকারীরা ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেছিল। পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করতে যায়, তখনই আসামিরা পালিয়ে যায়, যা প্রমাণ করে তারা আসলেই হত্যাকারী।
নিহত আছিয়ার শিশু যে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল, তাতে লেখা ছিল, বাবা, আমার মাকে ফিরিয়ে দাও। আমার মা কোন কবরে? প্রশাসনের কাছে জবাব চাই। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করতে হবে। অন্যথায় এলাকাবাসী তালতলী থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করতেছি। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।