ফেনীতে সম-নাগরিকত্ব ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ফেনী সদর উপজেলার সম্মেলন কক্ষে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব-এর আয়োজনে এ সেমিনারে নাগরিক অধিকার, সমতা ও বৈষম্য নিরসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এডাব ফেনী জেলা শাখার সভাপতি আনোয়ার উল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো: শহীদ উল্যাহ,উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ হিলাল উদ্দিন।
সেমিনারে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতি, আর্থ-সামাজিক অবস্থা কিংবা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিককে বৈষম্যের শিকার করা যাবে না। রাষ্ট্রের সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করবেন এটাই সম-নাগরিকত্বের মূল দর্শন।
সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে এখনও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষ নানা ক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, সম-নাগরিকত্ব প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈষম্যবিরোধী আইন কার্যকর প্রয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে একটি সমতা-ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে হলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা জরুরি। সম-নাগরিকত্ব প্রতিষ্ঠাই পারে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ করতে।
সেমিনারে সম-নাগরিকত্ব বিষয়ক বিষয়বস্তু উপস্থাপন করেন এডাব বিভাগীয় সমন্বয়কারী মো: ফোরকান।এছাড়া ব্র্যাক জেলা সমন্বয়কারী,ইমাম সমিতির পৌর সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি, মহিপাল খ্রিষ্টান চার্চের ব্যাপিস্ট,হিজরা সম্প্রদায় প্রতিনিধি,অন্ধ কল্যান সংস্থা ফেনী, বেদে পল্লীর প্রতিনিধি,হরিজন সম্প্রদায় প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,যুব সংগঠন প্রতিনিধি,মহিলা সমিতির প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।