“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ এবং ভূমিকম্পে জরুরি উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে অগ্নিনির্বাপণ মহড়া এবং জরুরি উদ্ধার অভিযান প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণকে দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়া শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।
এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সঠিক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের মহড়া মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা রাখে।