× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “নগর জীবন, গ্রামীণ সম্পর্ক: সমকালীন ভারতে মধ্যবর্তী অভিবাসীদের সামাজিক বাস্তবতা” শীর্ষক ওয়েবিনার

১১ মার্চ ২০২৬, ১৬:২২ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) ১০ মার্চ ২০২৬ ‘এনএসইউ এসএইচএসএস ডিস্টিংগুইশড ওয়েবিনার সিরিজ’-এর অংশ হিসেবে ‘নগর জীবন, গ্রামীণ সম্পর্ক: সমকালীন ভারতে মধ্যবর্তী অভিবাসীদের সামাজিক বাস্তবতা’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে। 

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রীতি রামামূর্তি। মূল আলোচনায় অধ্যাপক প্রীতি রামামূর্তি দুই চরিত্র, উষা এবং রাহমানের গল্প উপস্থাপন করেন এবং সেই চরিত্রগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাখ্যা করেন যে কীভাবে অভিবাসন সংঘটিত হয়। তিনি অভিবাসীদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং সরকারের বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ উদ্যোগগুলোর ওপর গুরুত্বারোপ করেন। ছাড়াও অধ্যাপক প্রীতি গ্রামীণ ও নগর অর্থনীতির পার্থক্যগুলো তুলে ধরেন এবং তা অভিবাসনের চ্যালেঞ্জকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করেন। 

তিনি আরও বলেন যে, ভারতের গ্রামীণ এলাকায় সামাজিক সংযোগ কাঠামো মানুষের মধ্যে অভিবাসনের প্রবণতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, অভিবাসন মূলত এই সামাজিক সংযোগ কাঠামোর দ্বারা গঠিত এবং প্রভাবিত হয়। এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্ণবাদ, জাতি ব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক প্রথাও অভিবাসনের প্রক্রিয়াকে প্রভাবিত করার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এই সামাজিক কাঠামোগুলো প্রায়ই মানুষের বিকল্প সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সীমিত করে, যা অভিবাসনের ধারা ও প্রভাবকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সূচনা বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, অভিবাসনের ধারণা কেবল রাষ্ট্রের সীমানা অতিক্রম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; একটি দেশের ভেতরেও অভ্যন্তরীণ অভিবাসন ঘটে থাকে। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন কারণে মানুষ প্রায়ই দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়। উদাহরণ হিসেবে তিনি ভারতের প্রায় এক কোটি মানুষের দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হওযার বিষয়টি উল্লেখ করেন। তিনি আরো বলেন, তারা এক জায়গায় বসবাস করলেও, তাদের শিকড়ের প্রতি তাদের এক ধরনের গভীর যোগাযোগ থাকে যার ফলে তাদের মাঝে এক প্রকার ডুয়াল মেন্টালিটি লক্ষ করা যায়।

এই আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, আইন পেশাজীবী এবং অন্যান্য দর্শক-শ্রোতা অংশগ্রহণ করেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন এনএসইউ’র ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. নাজিয়া মনজুর। প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থীরা অভিবাসন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে উঠে আসে বিভিন্ন এজেন্সির মধ্যম আয়ের অভিবাসীদের জন্য কাজ করার বিষয়টি। এছাড়াও নিম্ন আয়ের অভিবাসীদের জন্য কীভাবে কাজ করা সম্ভব তাও আলোচিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.