চট্টগ্রামের সীতাকুণ্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় দুস্থ্যদের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী দুস্থ্যদের হাতে চাল তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, মহিলা ইউপি সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই।
চাল বিতরণকালে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “ঈদ উপলক্ষে সরকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ সহায়তা প্রদান করছে। তাই চাল বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের ২০ হাজার ৩৫১টি পরিবার এবং পৌরসভার ৪ হাজার ৬২৫টি পরিবার ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন।