× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর মেঘনার ভাঙন রোধে ৮শ কোটি টাকায় নির্মাণ হচ্ছে বাঁধ

এম আই দিদার, চাঁদপুর প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ২০:৩৬ পিএম

চাঁদপুরে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে ৮শ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে বাঁধ।  আ'লীগ সরকারের আমলে মেঘনার ভাঙন প্রতিরোধে চাঁদপুর শহর সংরক্ষণের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়। কিন্তু সেটি অর্থ সংকটে ভেস্তে যায়।

সর্বশেষ ২০২৪ সালের শুরুতে শহর সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৮১৫.৬৫ কোটি টাকা। ৩.২২৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধটির নির্মাণকাজ এখন চলমান রয়েছে। 

ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত লোকদের দাবি, এ প্রকল্পে কোন দুর্নীতি না করে সরকারের নিয়োগকৃত সংস্থা যেন নির্মাণ কাজের সঠিক বাস্তবায়ন করে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, ২০২৭ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে।

সরেজমিন মেঘনা পাড়ের শহর সংরক্ষণ এলাকার নতুন বাজার ও পুরান বাজার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর শহর রক্ষা বাঁধের অতি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা বড় স্টেশন মোলহেড এবং পুরান বাজার বাণিজ্যিক এলাকা থেকে হরিসভা পর্যন্ত। এসব এলাকায় প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে এবং পানি কমে গেলে বাঁধে ভাঙন ও ফাটল দেখা দেয়। তাই, ভুক্তভোগীদের দাবি, একটি শক্তিশালী বাঁধ নির্মাণের মাধ্যমে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ এর স্থায়ী সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন। 


হরিসভা  এলাকার বাসিন্দা সবিতা রানী (৬৫) বলেন, আমি এই এলাকায় তিনবার মেঘনার ভাঙন দেখেছি। আমাদের নিজেদের ভিটেমাটিও হারিয়েছি, এ মেঘনার ভাঙনে। 

পুরান বাজার এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, প্রায় ৩০ বছর আগে থেকে এই এলাকায় মেঘনার ভাঙন শুরু হয়। কয়েক কিলোমিটার পশ্চিমে আমাদের বসতি ছিল। এখন ব্লকের কাজ সঠিকভাবেনশেষ হলে হয়তো ভাঙগন রোধে সহায়ক হবে। 

শহর সংরক্ষণ প্রকল্পে ১৯টি প্যাকেজে কাজ চলমান। জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করার পর এখন চলছে ব্লক ডাম্পিং এর কাজ। আর এই ব্লক তৈরিতে সনাতন পদ্ধতির পাশাপাশি এবার আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ব্লক। প্রকল্পের পুরান বাজার জাফরাবাদ নদীর পাড়ে অটোমেটিক মেশিনে তৈরি হচ্ছে ব্লক।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসকে এমদাদুল হক আল মামুনের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী সুদীপ্ত গুণ বলেন, শহর সংরক্ষণ প্রকল্পের অনেকগুলো প্যাকেজে কাজ হচ্ছে। এর মধ্যে অনেকেই সনাতনী পদ্ধতিতে ব্লক তৈরি করছেন। কিন্তু আমরা এই প্রথম বিদেশ থেকে আমদানিকৃত অটোমেটিক মেশিনে ব্লক তৈরি করছি। এতে খুবই নিখুঁতভাবে ব্লক তৈরি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের চাহিদাও পূরণ হচ্ছে। আমাদের পাশাপাশি এই কাজের তত্ত্বাবধান করছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, শহর সংরক্ষণ প্রকল্পটি চাঁদপুরের মানুষের জন্য অনেক প্রত্যাশিত। ২০২৪ সালের জুন মাসে আমরা এই কাজ শুরু করেছি। ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শেষে ব্লক ডাম্পিং চলছে। কাজের প্রায় ২৫ ভাগ শেষ হয়েছে। আশা করি ব্লক প্লেসিংয়ের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার পাঁচ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা হবে। কাজের বিষয়ে জেলা প্রশাসনসহ অংশীজনদের নিয়ে নিয়মিত সমন্বয় করা হয়।

বাঁধের পাশের ছিন্নমূল পরিবার সম্পর্কে তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে পুরান বাজারের কিছু পরিবারকে বাঁধের ওপর বসবাস করতে দেখেছি। তারা না থাকলে কাজটি সুন্দরভাবে করা সম্ভব হবে। তবে তাদের উচ্ছেদ করতে হলেও এটি জেলা প্রশাসকের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব বলে জানান এ কর্মকর্তা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.