পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম তেল কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(১৪মার্চ) বিকেলে পোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোঃ করিম। তিনি‘মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সী’-এর স্বত্বাধিকারী।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সীতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল পাওয়া যায়। শুধু তাই নয় পেট্রোল বিক্রিতেও প্রতি লিটারে ২০০ গ্রাম কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতারনা করায় ব্যবসায়ী মোঃ করিমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখা ও তেল বিক্রিতে কম দেওয়ার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। মজুতকৃত এসব তেল তাৎক্ষনিক নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।