নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে আগুনে পুড়ে দুইটি বাড়ি ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত ভোর রাতে ইজিবাইক চার্জ থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এতে প্রায় সাত লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়ির মালিক আব্দুল হক কাজীর ছেলে মিলন কাজী বলেন, রাতে সব কাজ শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। রাত পৌনে চারটার দিকে চাচার ডাকে ঘুম ভেঙে উঠে দেখি, ঘরে আগুন। মাকে রুম থেকে নিয়ে দ্রুত বেরিয়ে আসি। আগুনের লেলিহান শিখায় প্রতিবেশী হামিম মীরের রান্নাঘরটিও পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, 'আগুনে আমার সব শেষ, আমি সর্বস্বান্ত হয়ে গেছি। ঘর, আসবাবপত্র, অন্যান্য মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপার্জনের একমাত্র উপায় ইজিবাইকটিও পুড়ে গেছে। ব্যাংকে এক লাখ টাকা লোন, বোনের কাছ থেকে এক লাখ টাকা ধার করে ইজিবাইক কিনেছি, ঘরের কাজ করিয়েছি। মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে এখন কীভাবে দিন পার করবো- আল্লাহ জানেন।'
লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সোহাগ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু তার আগেই ওই পরিবারের ঘড়বাড়ি, আসবাবপত্র সব পুড়ে যায়।
এদিকে শনিবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের এমপি ও নড়াইল জামাতে ইসলামীর আমির মো: আতাউর রহমান বাচ্চু। এ সময় লোহাগড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিলন কাজীর সাথে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে শুক্রবার রাতে লোহাগড়া উপজেলার ইউএনও শাম্মী কায়সার, তরুণ সমাজসেবক রায়হান ঠাকুর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।