× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের বাজারে পকেটমার ধরা, টাকা উদ্ধার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

ঈদকে সামনে রেখে জমজমাট কেনাকাটার ভিড়ের মধ্যেই পকেটমারির শিকার হন এক ব্যক্তি। তবে দ্রুত অভিযানে নেমে সেই ঘটনার সঙ্গে জড়িত এক পকেটমারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) র‍্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার বোদা বাজারে ঈদের কেনাকাটা করতে যান মো. হাবিবুর রহমান (৫০)। বাজারের একটি দোকানে জামাকাপড় দেখার সময় ভিড়ের সুযোগ নিয়ে পকেটমার চক্রের এক সদস্য কৌশলে তার পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা চুরি করে নেয়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে হতবাক হয়ে পড়েন ভুক্তভোগী। ঘটনাটি দ্রুত স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার ভোর সাড়ে ৩টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে দেবীগঞ্জ পৌরসভার চিটাগুড়ি এলাকার মৃত হিমায়েত আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট-বাজারে ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে মানুষের পকেট থেকে টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল। মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, তখন সে নিপুণ কৌশলে পকেট থেকে নগদ টাকা বা মোবাইল ফোন হাতিয়ে নিত।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ভুক্তভোগী মো. হাবিবুর রহমান বলেন, “চুরি হওয়া টাকা ফিরে পেয়ে আমি স্বস্তি পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঈদকে সামনে রেখে বাজারে পকেটমারি ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.