কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় ঝাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান। মামলার বরাতে পুলিশ সাংবাদিকদের জানায়, গোড়াই রঘুরায় ঝাকুয়াপাড়া এলাকার মাহাবুবার রহমানের (৪৫) সঙ্গে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আজিজ সরকারের (৭০) দীর্ঘদিন থেকে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের কারণে একাধিক মামলা চলমান রয়েছে।১০ মার্চ মাহাবুবার রহমান ও তার ভাই মিজানুর রহমানের (৩০) নেতৃত্বে আজিজ সরকারের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আসামিরা বাড়িতে আজিজের স্ত্রী সামছুন্নাহার বেগম, মেয়ে আফ্রিদা আজিজ সাথীকে মারধর ও শ্লীলতাহানি করে এবং বসতঘরে থাকা আসবাব ভাঙচুর ও টাকা লুট করে। এ ঘটনায় আজিজের পুত্রবধূ হাজেরা খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগপত্র দেন।
এরপর পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে রোববার মামলা করে। বাদী হাজেরা খাতুন বলেন, “মাহাবুবার রহমান ও তার লোকজনের বিরুদ্ধে আদালতে চলমান মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমার শ্বশুর পক্ষাঘাতের রোগী, চলাফেরা করতে পারেন না। এ ছাড়া আমার স্বামী চাকরির সুবাদে বাইরে থাকায় বাড়িতে কোনো পুরুষ নেই।এই সুযোগে তারা বাড়িতে থাকা নারীদের সব সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। হামলার ঘটনায় মাহাবুবার রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করি।” ১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি সাঈদ ইবনে সিদ্দিকের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় গেলে তাদের অবরুদ্ধ করে রাখে একদল নারী-পুরুষ। তারা পুলিশের ওপর চড়াও হয় এবং হট্টগোল করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসে।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মাহাবুবার রহমান বলেন, “মুক্তিযোদ্ধার বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। আমরা কারও বাড়িতে আক্রমণ করিনি। পুলিশ কোনো তদন্ত ছাড়াই মিথ্যা মামলা নিয়েছে। পর পর দুবার পুলিশ এসেছিল। পুলিশ মামলার কোনো কাগজ দেখাতে পারেনি। তারা আইনজীবীর মাধ্যমে মামলার তথ্যের ব্যাপারে থানায় ডাকে।”পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মামলা মিথ্যা হওয়ায় প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিবাদ করেছে। এটা তো কোনো অন্যায় নয়। বরং গণতান্ত্রিক অধিকার পুলিশের হয়রানির হাত থেকে বাঁচার।” এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক সাংবাদিকদের বলেন, “মুক্তিযোদ্ধার বাড়িতে হামলায় তার পুত্রবধূ ১১ মার্চ থানায় অভিযোগ করেন। এরপর বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় রোববার থানায় মামলা হয়।
পরবর্তীকালে পুলিশ অভিযানে গেলে আসামিরা নারী ও ভাড়াটিয়া লোক দিয়ে এলাকায় ‘মব’ সৃষ্টি করে। একপর্যায়ে পুলিশ সেখান থেকে চলে আসে। পরে আমি ঘটনাস্থলে গেলে তারা পুনরায় ‘মব’ সৃষ্টি করে আমাকেও অবরুদ্ধ করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
