চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা হাইওয়ে থানার অধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চালক নিহত এবং তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চট্টগ্রামমুখী লেনে একটি হাইচ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক মো. আশরাফুল (২৭) নিহত হন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ও মো. নুর ইসলামের ছেলে।
দুর্ঘটনায় গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সৈয়দ গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।