জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, ভোটের কালি আঙুল থেকে মুছার আগেই সেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবদ্দশায় ঢাকা-মানিকগঞ্জ খাল খননের মাধ্যমে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন পর তার উত্তরাধিকার হিসেবে সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা এবং ইমাম ও পুরোহিতদের মাসিক ভাতা প্রদান, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮৫ কিলোমিটার খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চল বিশেষ করে খরাপ্রবণ এলাকায় পানির তীব্র সংকট দেখা দেয়। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং সেই পানি ব্যবহার করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং খরার প্রভাব অনেকটাই কমে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।