× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ১৮:৫১ পিএম

পাবনার ঈশ্বরদীতে কৃষি ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার মধ্যরাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভুমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

খোঁজ  নিয়ে জানা যায়, বিএনপির শীর্ষ এক নেতার ছত্রছায়ায় থানা পুলিশের লক্ষ্মীকুন্ডা বিটে দায়িত্বরত তিন কর্মকর্তার যোগ সাজছে  উপজেলার লক্ষ্মীকুন্ডার নবীনগর, কৈকুন্ডা, বিলকেদা, কামালপুরের ১৩ টি পয়েন্ট থেকে লক্ষ্মীকুন্ডা বিএনপির নেতা আইয়ুব আলী বিশ্বাস, লক্ষ্মীকুন্ডা ইউপির তোতা মেম্বারের ছেলে রাফেলসহ বিএনপির শীর্ষ নেতার স্বজনদের নেতৃত্ব মহা উৎসবে দিন রাতে মাটি কাটা চলছে।

লক্ষ্মীকুন্ডায় পদ্মানদীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ৫৬ ইট ভাটার মধ্যে চলতি মৌসুমে ৪৫ টি ইট ভাটা ইট উৎপাদন করছে। আর এইসব ইটভাটার জন্য প্রয়োজনীয় মাটি চরে থাকা ব্যক্তি মালাকানাধীন ফসলী জমি থেকে জবর দখল করে ও পদ্মা নদীর পাড়ের মাটি কেটে ইট ভাটায় নেওয়া হচ্ছে। ১৩ টি পয়েন্টে ২২ টি স্কেভেটর (বেকু) দিয়ে মাটি কেটে শতাধিক ড্রাম ট্রাক, ট্রাক্টর ও পাওয়ার টলি যোগে ইট ভাটায় মাটি নেওয়ার উৎসব চলছে।

ইট ভাটার মালিক সমিতির একাধিক সুত্রের দাবী, শীর্ষ এক নেতার মনোনীত স্থানীয় বিএনপির নেতাদের মাটি টানায় ব্যবহৃত ট্রাক, ট্রাক্টর গুনে প্রতি ২৪ ঘন্টার জন্য ৬-১০ হাজার টাকা দিতে হয়। বালুর জন্য দিতে হয় ১২ হাজার টাকা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীকুন্ডায় অবৈধভাবে পদ্মানদীর পাড় ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে চুরি করে ও জুলুম করে মাটি কাটা হচ্ছে। রাস্তাগুলো রয়েছে মাটি টানার গাড়িগুলোর নিয়ন্ত্রণে। মাটি পড়ে প্রতিটি রাস্তা কাদাযুক্ত হয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় শিকার হচ্ছেন সাধারন মানুষ।

সহকারী কমিশনার (ভুমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকার জানান, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। কৃষি ও ফসলি জমি ও পদ্মানদীর পাড়ের মাটি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুটি ড্রাম ট্রাক পাওয়া গেলেও বৃষ্টির কারণে সড়ক কাঁদামাটিতে পরিণত হওয়ায় সেগুলো জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম মুঠোফোনে স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতার নাম উল্লেখ করে জানান, ওই নেতার নির্দেশে দলীয় নেতাকর্মী মাটি কাটছেন। এটা বন্ধ করা তাঁর সক্ষমতার বাহিরে বলে অপরাগতা প্রকাশ করেন। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও জানান, মাটি কাটার সঙ্গে পুলিশের কোন সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিএনপির শীর্ষ নেতার মনোনীত মাটি ও বালু কাটার দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম প্রধান আইয়ুব আলী বিশ্বাস মুঠোফোনে জানান, মাটি কাটার সঙ্গে বিএনপির কেউ জড়িত নেই। ইট ভাটার মালিকরাই নিজ উদ্যোগে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মাটি কাটছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.