নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আলী আজগর ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর জখম হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আলী আজগর ভূঁইয়া লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঈদের নামাজ আদায় শেষে তিনি হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জনের একটি দল তার অবস্থান নিশ্চিত করে শ্বশুরবাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন বলেন, যেহেতু রাজনীতি করি সে কারণে আমার ইউনিয়নের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় আমার ওপর আসাটাই স্বাভাবিক। তবে এই হামলা কে বা কারা করেছে আমি জানি না। ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।