ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আবু বক্কর সিদ্দিক সিমান্ত (২০) গাজীপুর জেলার জয়দেবপুর থানার দেশীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মনিরুজ্জামান ও সুরাইয়া আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ল-৬৮-৬৮০০ নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে সিমান্ত চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলতে গিয়ে সীতাকুণ্ডের দক্ষিণ ঘোড়ামারা এলাকায় কেডিএস গেট সংলগ্ন সাজিদা নতুন মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চট্টমেট্রো-ট-১১-৭১২০ নম্বরের একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন।
এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এসময় দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।