দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে—আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, যক্ষ্মা এখনও জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী। তিনি তার বক্তব্যে বলেন, যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি সকলকে যক্ষ্মা সম্পর্কে ভ্রান্ত ধারণা পরিহার করে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত অন্যান্য বক্তারাও যক্ষ্মা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।