চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং একটি খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য সকাল ১১টার দিকে বিবাদমান দুই পক্ষ সালিশ বৈঠকে বসে। বৈঠকে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. চান্দুর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ সময় ককটেলের আঘাতে মোজাফফর আলী নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দশকেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ’পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।’