যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়িতে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল-কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।