বান্দরবানে থানচি- আলীকদমে ফেরার পথে পাহাড়ি সড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত হয়েছে। তারমধ্যে আল মামুন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি-আলীকদম সড়কে ১৯ কিলো নামক এলাকায় মোটরসাইকেল এই দুর্ঘটনা ঘটে।
আহতরা ফেনী সদরে মৃত রুস্তম আলী ছেলে আব্দুল আল মামুন(৩৮)ও অপরজন মতিগঞ্জ গ্রামে মৃত আবুল কালাম আজাদ ছেলে আহমদ বেলাল ইমতিয়াজ(৪৫)। তারা দুজনই ফেনী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটর সাইকেলে যোগে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। ১৯ কিলোমিটার নামক এলাকায় পাহাড়ি সড়কের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা: রনি কর্মকার বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর একজনকে
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।