ফেনীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।
দিবসটিতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,ফেনী পৌরসভার প্রশাসক মো: নবীনেওয়াজ, জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,জেলা শিল্পকলা একাডেমি,জেলা ক্রীড়া সংস্থা,মুক্তিযোদ্ধা সংসদ,ফেনী রিপোর্টাস ইউনিটি,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখা,ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সকাল আটটায় ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - আলোচনা সভা,দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ,সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে। এছাড়া জেলার সকল উপজেলায় আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।