রাঙ্গামাটির বাঘাইছড়িতে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে হঠাৎ ভাড়া বৃদ্ধি নিয়ে জনভোগান্তির প্রেক্ষিতে অবশেষে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
২৮ মার্চ (শুক্রবার) বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এর আহ্বানে সিএনজি, মাহিন্দ্রা ও মোটরসাইকেল সমিতির দায়িত্বশীল ও সংবাদকর্মীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপদকালীন সময়ের জন্য যাতায়াত ভাড়া নির্ধারণ করা হয়।
সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাঘাইছড়ি থেকে দিঘীনালা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে:
মাহিন্দ্রা: ১৫০ টাকা (জনপ্রতি),
সিএনজি: ১৭০ টাকা (জনপ্রতি),
মোটরসাইকেল: ৪০০ টাকা (প্রতি গাড়ি)।
সভায় অংশগ্রহণকারী সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমন উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে প্রশাসনের তদারকি অব্যাহত থাকলে এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন হবে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তেল সংকটের অজুহাতে পরিবহন ভাড়া দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।