চট্টগ্রামের সাতকানিয়ায় জ্বালানি তেল বিশেষ করে অকটেনকে কেন্দ্র তেল নিয়ে তালবাহানায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পাম্পে কখনো লাইনে দাঁড়িয়ে তেল মিলছে আবার কখনো মিলছে না,তেল মজুদ করে ডিলার মূল্যবৃদ্ধির আশায় দিনের পর দিন বন্ধ পয়েন্ট,অসাধু কিছু ডিলার সংকটের অজুহাতে দ্বিগুণ দামে তেল বিক্রিসহ নানা ধরনের হয়রানিতে ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা।এমন পরিস্থিতিতেও নেই প্রশাসনের কোন প্রকার পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ‘অকটেন নেই’ বলে বাইকারদের তেল দেওয়া হচ্ছে,তবে আড়ালে বোতলে বিক্রি এবং পরিচিতদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ রয়েছে। এতে সাধারণ গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।অতিরিক্ত মূল্যে বিক্রির আশায় যথেষ্ট অকটেন মজুদ থাকার পরও বন্ধ বেশ কয়েকটি ডিলার পয়েন্ট।যে সকল ডিলার পয়েন্টে তেল বিক্রি হচ্ছে তারা নিচ্ছেন দ্বিগুণ মূল্য।অথচ সরকার বলছেন তেলের সংকট নেই কিংবা দাম বাড়ানোর কোন সিদ্ধান্তও নাই।শুধু এখানেই শেষ নয়, অতিরিক্ত দামে তেল ক্রয় করেও তেলের সাথে পানি মিশিয়ে দেওয়ায় উল্টো ভোগান্তিতে বাইকাররা।প্রতি লিটার অকটেনের মূল্য যেখানে ১২০ টাকা সেখানে সংকটকে কাজে লাগিয়ে লিটার প্রতি নেওয়া হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
মিজানুর রহমান নামক একজন বাইক চালক জানান, অতিরিক্ত দামে তেল ক্রয় করেও তেলের সাথে পানি মেশানো থাকায় দুইজনের বাইকের ট্রাংক খুলে পরিষ্কার করতে হয়েছে।
কেরানীহাটে পেট্রোল নিতে আসা একজন জানান, সাজেক থেকে এভাবে কোন রকমে আসতেছি।কেরানীহাট এসে তেল ফুরিয়ে গেছে।এখন বান্দরবান যেতে হবে কিন্তু পাম্পেও তেল দিচ্ছে না।এত রাতে কোথায় যাব?
স্থানীয়রা জানান, ঈদের আগেই কয়েকটি ডিলার পয়েন্টে কয়েকবার তেল আসার পরও ঈদের দিন থেকে ডিলার পয়েন্টগুলো বন্ধ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকটি ডিলার পয়েন্টে তেল নাই বলে জবাব দিলেও পরে আড়ালে পরিচিত মুখদের তেল বিক্রি করতে দেখা যায়।
এদিকে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই একাধিক পাম্প ঘুরেও তেল না পেয়ে খালি হাতে ফিরছেন, ফলে দৈনন্দিন যাতায়াত ও পেশাভিত্তিক কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল বা একেবারেই না পাওয়ার ঘটনায় ক্ষোভ বাড়ছে জনমনে।
তবে পাম্প কর্মকর্তারা দাবি করছেন, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমিত সরবরাহের কারণে অনেক ক্ষেত্রে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে বা নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে তারা জানান।
অকটেন ডিলার পয়েন্টের এক কর্মচারী জানান, দেশে মূলত তেলের সংকট।সরকার জনগণকে তেল মজুদ বললেও মূল জায়গায় তেলের সংকট হওয়ায় তারা তেল বিক্রি করতে পারছেন না।
এমন অবস্থায় প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত বাজার মনিটরিং জোরদার, মজুদদারদের বিরুদ্ধে অভিযান এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, কোথায় এসব অনিয়ম হচ্ছে নির্দিষ্ট করে তথ্য দিন আমরা পদক্ষেপ নিব।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
