× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও বালু সিন্ডিকেটে, গ্রাম পুলিশের ১ মাসের কারাদণ্ড

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট

২৮ মার্চ ২০২৬, ১৭:১৪ পিএম

পাটগ্রামে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত ২টা ৪০ মিনিটে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ বালু ও পাথর উত্তোলনবিরোধী অভিযানের সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেন রফিকুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং স্থানীয় একজন গ্রাম পুলিশ সদস্য।

ইউএনও তানভীর হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও সরকারি কাজে বাধা প্রদান করেছেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

দণ্ডাদেশ কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.