× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১৭:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর সব মালামাল ধ্বংস হয়ে গেছে এবং খামারের ২৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে। ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয় এবং ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তাদের দোকানগুলোতে থাকা সকল মালামালও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

খামারের মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে মোট ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। আগুন লাগার পর একটি গরু কোনোভাবে বের করা গেলেও বাকিগুলো বাঁচানো সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

স্থানীয়রা বলেন, পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারসহ আশপাশে ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে ভিন্নমত রয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মি: আহসান জানান, খবর পাওয়ার পর রাত ১২:৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিমি। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং উদ্ধারকৃত মালামাল প্রায় ১৫ লাখ টাকার। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ক্ষতিগ্রস্ত ৫টি দোকানদার ও খামার মালিক জানান, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.