নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে রাফিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরিয়া (৭) নামে অপর এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে মহিষখোলা গ্রামের বাড়ির পাশের চিত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে এবং নিখোঁজ আরিয়া একই গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। তারা দুজনই সম্পর্কে খেলার সাথী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আরিয়া ও রাফিয়া বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় কেটে গেলেও তারা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নদীতে স্থানীয়দের সহায়তায় তল্লাশি শুরু করে পরে বিকেলের দিকে পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরাদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়সজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।