কুষ্টিয়ার মিরপুরের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ নেতা উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম। প্রাথমিকভাবে মুমূর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা সদরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আমলা সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা শংকটাপন্ন।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজম কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি প্রকাশ্যে ব্যবসা- বাণিজ্য চালিয়ে আসছিলেন। এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে একটি পরিতক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। কারা কি কারনে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।