নাটোর শহরের বড়গাছা এলাকার পালপাড়ায় একটি বাড়ির পুরাতন স্যুয়ারেজ ট্যাংকির ঢাকনা ভেঙে তাতে একটি মা কুকুর ও তার একটি বাচ্চা পড়ে যাওয়ার ঘটনা ঘটে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই বাড়ির পুরোনো স্যুয়ারেজ ট্যাংকির ঢাকনা ভেঙে প্রায় ১৫ ফুট গভীর ট্যাংকির মধ্যে মা কুকুর ও তার বাচ্চাটি পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পাড়ার লোকজন অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মা কুকুর ও তার বাচ্চাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রৌফ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন এবং কিছু সময়ের চেষ্টায় প্রাণী দুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
দুটি প্রাণীকে বাঁচাতে ফায়ার সার্ভিসের এমন মানবিক উদ্যোগে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস সদস্যদের কর্তব্যপরায়ণতা ও মানবিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।