× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মসজিদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নীলফামারীতে মুসল্লিদের মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

৩০ মার্চ ২০২৬, ২০:৩০ পিএম

নীলফামারীতে একটি মসজিদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার রামনগর ইউনিয়নের দক্ষিণ বিশমুড়ী পাইলাঙা এলাকায় ২০১৯ সালে স্থানীয় মুসল্লিদের অর্থায়নে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তবে মসজিদের নামে ২০১৩ সালের ৫ নভেম্বর দাতা আইয়ুব আলী কর্তৃক ওয়াকফনামা দলিলভুক্ত জমি (বি.এস ৩২২৬ নং দাগ, ৪ শতাংশ) থাকলেও বাস্তবে মসজিদটি নির্মিত হয়েছিল তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের অতিরিক্ত অধিগ্রহণকৃত জমির ওপর, যা আইনগত ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ ছিল না।

বক্তারা আরও জানান, মসজিদের নামে রেজিস্ট্রিকৃত জমিটি বর্তমানে মসজিদ কমিটির দখলে না থাকায় সর্বসম্মতিক্রমে নতুনভাবে সংগৃহীত বি.এস ৩২১৪ নং দাগে ৯ শতাংশ জমির ওপর মসজিদটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে নতুন স্থানে নির্মাণকাজ চলমান রয়েছে।

তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে মসজিদ ভাঙা ও চুরির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বক্তারা দাবি করেন, প্রকৃতপক্ষে মসজিদের উন্নয়ন ও স্থানান্তরের সিদ্ধান্ত ধর্মীয় বিধান মেনেই সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অপপ্রচার এলাকার ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এসময় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য অপসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত শেষে সরকারি প্রতিবেদন প্রকাশ।

ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে মুসল্লিদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.