× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

০১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), এর  আয়োজনে   অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফ্যামের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে এক বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।

৩১ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী, শিশু ও বয়স্ক মানুষ। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম এবং গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা।

ডা. কানিজ ফাতেমা বলেন, এই আয়োজনে সুবিধাবঞ্চিত বা লবণাক্ত এলাকার নারীদের জন্য ফ্রি ক্যাম্পের আয়োজন অনেক ভালো এবং প্রশংসনীয়। আমি এই আয়োজনের অংশীদার হতে পেরে গর্বিত। আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম আয়োজন করা হোক। যাতে সুবিধাবঞ্চিত নারী বা এই এলাকার যারা পর্যাপ্ত চিকিৎসা পায় না, তারা ডাক্তারদের কাছে পৌঁছাতে পারে এবং উপকৃত হতে পারে।

কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন বলেন, আমরা আশির দশক থেকে উপকূলীয় অঞ্চলে কাজ করছি। এখানকার মানুষের স্বাস্থ্যঝুঁকি ও কষ্টের কথা বিবেচনা করেই আজকের এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছি। যদিও এটি সরাসরি স্বাস্থ্য প্রকল্প নয়, তবুও BID4CJ প্রকল্পের আওতায় আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কোডেক শুধু স্বাস্থ্য নয়, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লু ইকোনমি, জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, নিরাপদ পানি ও পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি পাশ্ববর্তী  গ্রামে পুকুর খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্থানীয় নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে আসায় এই ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসক ডা. জি এম তরিকুল ইসলাম বলেন, এই অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। ফলে অপুষ্টি, আয়রন ঘাটতি ও নানা রোগে ভোগেন। এই ধরনের ফ্রি ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা। এখানে আমরা শিশু, নারী, গর্ভবতী মা ও বয়স্কদের সেবা দিতে পেরেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় জনগণ এই স্বাস্থ্য ক্যাম্পে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, কোডেকের পক্ষ থেকে আজকের এই ক্যাম্প আয়োজন করায় তারা অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে নিজের অসুখের সমস্যা আলোচনা করতে পেরেছে এবং বিনামূল্যে ঔষধ পেয়েছে। এজন্য তারা কোডেককে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে আরও বেশি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

সেবাগ্রহীতাদের মতে, লবণাক্ততা ও দারিদ্র্যপীড়িত এই এলাকায় এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অনেকেই জানান, দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য না থাকায় তারা দীর্ঘদিন চিকিৎসাবঞ্চিত ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে সহজেই চিকিৎসা ও ঔষধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।সামগ্রিকভাবে, কোডেক, অস্ট্রেলিয়ান এইড ও অক্সফ্যামের এই উদ্যোগ শুধু একটি স্বাস্থ্য ক্যাম্পই নয়, বরং উপকূলীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.