বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কার্মসূচির উদ্বোধন করেন, চাঁদপুর - ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ সংলগ্ন চাঁদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, সরকার বৃক্ষরোপনের যে কর্মসূচি হাতে নিয়েছে তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। সরকারি দপ্তরগুলো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। এগুলো রক্ষণা বেক্ষণ সংশ্লিষ্ট দপ্তর তদারকি করবেন। কোন যানবাহনের কারণে যদি গাছের ক্ষতি হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমপি মানিক আরো বলেন, সরকারি দপ্তরের পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও হাইমচরে দুই লাখ গাছের চারা বিতরণ করা হবে। সাধারণ মানুষ সহ এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন হবে। আর গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুন সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সড়কের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহীন সহ অন্যান্য কর্মকর্তাগন।