পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হয়।
এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৭ হাজার ৪২০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার ৪০ টাকা।
জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ইজিবাইক চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।