পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে ফেরানোর আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নেয় শোকের মাতমে। চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওবাইদুল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী জাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ইদগড় এলাকার বাসিন্দা শামসুল আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরা এক নারীকে নিয়ে পরিবারের সদস্যরা প্রাইভেটকার গাড়ি করে ঈদগাহে ফিরছিলেন। গাড়িতে ওই নারীর ছেলে-মেয়ে ও মেয়ের জামাতাসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভরা সেই যাত্রা জাঙ্গালীয়া এলাকায় পৌঁছালে আচমকাই থেমে যায়।
গাড়িতে থাকা আহত ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা মধুবন মিষ্টি কোম্পানির একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে তাদের প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।