লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ‘এনবিসি ব্রিকস’ নামক ইটভাটার একটি টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার বাসিন্দা আলা উদ্দিন (৩৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সূত্রে জানা যায়, রুবেল ও আলা উদ্দিন ইট লোড-আনলোডের কাজ করতেন। দুপুরে কাজ শেষে তারা ভাটাসংলগ্ন একটি টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান। এ সময় ঘরের চালের সঙ্গে সংযুক্ত একটি বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত রুবেলের মা রাশেদা বেগম জানান, রুবেল বিয়ের পর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে নিহত অপর শ্রমিক আলা উদ্দিনের পরিবারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর নিহতদের মরদেহ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল চাকমা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।