খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও ১৮ মাইল বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম শেখ। গতকাল শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম শেখ বলেন, "আমি আসন্ন ০৬ নং মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি। এরপর থেকেই আমার এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরাঘোনা ইউনিয়ন সভাপতি পরিচয়দানকারী মোঃ মহিদুজ্জামান ওরফে মুহিত বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে আসছেন।"
লিখিত বক্তব্যে গত ২রা এপ্রিলের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত বুধবার রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজারস্থ মেসার্স সেঞ্চুরি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি যে, ওই শিবির নেতা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি পাম্পের বিধি উপেক্ষা করে ড্রামে তেল নেওয়া এবং সিরিয়াল ভঙ্গ করে নিজের পছন্দের লোকদের তেল প্রদান করে জনদুর্ভোগ সৃষ্টি করছিলেন। বিষয়টি তদন্ত করতে আমি ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহাদাত হোসেন হালদার এবং যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাসসহ ঘটনাস্থলে যাই।
আশরাফুল ইসলাম আরও অভিযোগ করেন, আমাদের উপস্থিতি দেখে মুহিত ফেক আইডি ব্যবহার করে ভিডিও ধারণ করতে থাকেন। আমরা জনদুর্ভোগের কারণ জানতে চাইলে তিনি আমাদের ওপর চড়াও হন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে মিডিয়ার সামনে আমাকে চোর, জুয়াড়ি ও চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছেন, যার কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম শেখ জোর দিয়ে বলেন, মুহিত এলাকায় ছাত্রশিবিরের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সরজমিনে তদন্ত করলে প্রকৃত সত্য জানতে পারবেন। এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং এই ধরণের মিথ্যা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।